দমফাটানো হাসি নিয়ে আসছে ‘কাজের মেয়ে কারিশমা’

আধুনিক এক কাজের মেয়ের হাস্যরসাত্মক রোমান্টিক কমিডি নাটক নিয়ে আসছে প্রযোজনা সংস্থা সিনেপ্লাস স্টুডিও। নাটকের নাম ‘কাজের মেয়ে কারিশমা’। নাটকটি রচনা ও পরিচালোনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। নাটকটি নির্বাহী প্রযোজনা করছেন জয়ন্ত চন্দ্র।

আগামীকাল ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টায় সিনেপ্লাস ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাথি। তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত।

‘কারিশমা’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, “চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।”

নাটকের অপর প্রধান চরিত্র আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, “অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তার সাথে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।”

নাটকটি নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।”

সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা চমৎকার এই হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকদের এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা।

শায়লা সাথি ও পারভেজ প্রান্ত এর পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতু প্রমুখ।