সোনাতলায় ৫ ঘণ্টা ধরে ট্রেনের ইঞ্জিন বিকল, বিকল্প ইঞ্জিনও অচল

ছবি- বাংলা লেন্স

বগুড়ার সোনাতলা রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকে রয়েছে বগুড়া কমিউটার ট্রেন। ট্রেনটি সচল করতে বিকল্প ইঞ্জিন পাঠানো হলেও পথে সেটিও বিকল হয়ে পড়ে। এতে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী বগুড়া কমিউটার ২০ ডাউন ট্রেনটি সোনাতলা রেলস্টেশনের ২ নম্বর লাইনে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

সোনাতলা রেলস্টেশনের স্টেশনমাস্টার মাজেদ জানান, ইঞ্জিন বিকলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ৭৬৭ আপ ট্রেনের সঙ্গে অতিরিক্ত একটি ইঞ্জিন যুক্ত করে পাঠানো হয়। তবে কাহালু স্টেশন ছেড়ে আসার পর ওই ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে।

তিনি আরও জানান, পরে ইঞ্জিনটি সচল করে দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত করে আনার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সুখানপুকুর স্টেশনে সান্তাহার থেকে আসা দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ইঞ্জিনটি যুক্ত রয়েছে। সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি সোনাতলা স্টেশনে পৌঁছালে বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করে বগুড়া কমিউটার ট্রেনটি সচল করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, একের পর এক ইঞ্জিন বিকলের ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। রেলওয়ের ইঞ্জিনের এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এনিউজ লেখা অবদি বগুড়া কমিউটার ট্রেনটি সোনাতলা স্টেশনে পড়ে থাকতে দেখা যায়।

এমএআর/