সোনাতলায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা, ১৬০ জেলে পরিবারের মাঝে ৪ টন চাল বিতরণ

ছবি- বাংলা লেন্স

বগুড়ার সোনাতলায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন হয়ে পড়া জেলেদের খাদ্যসহায়তা দিতে ১৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়ন কমপ্লেক্সে এ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় এ খাদ্যসহায়তা দেওয়া হয়। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আর্থিক সংকট কিছুটা লাঘব করাই এ কর্মসূচির উদ্দেশ্য। বিতরণ করা চালের পরিমাণ ছিল মোট চার টন। প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম ও জোরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী ও দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একই দিন দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে পূজা মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।

এমএআর/