সোনাতলায় ধানক্ষেত থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি- বাংলা লেন্স
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে ইউসুফ নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির সন্ধান চেয়ে প্রচার করা হয়। পরে ১২ অক্টোবর শিশুটির সৎবাবা উজ্জ্বল হোসেন সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার দুপুরে ওই ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়।
শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও তদন্তসাপেক্ষ। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
এ বিষয়ে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএআর/