প্রান্তর-তিশার ‘মায়ার শহর’

শহরের বাস্তবতা, ভালোবাসা, টানাপোড়েন ও সম্পর্কের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার অভিনীত নাটক ‘মায়ার শহর’। নাটকটি পরিচালোনা করেছে ইয়াসিন রহমান সুমন। গল্প, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন রশিদুর রহমান। প্রযোজনা করেছে সিনেপ্লাস স্টুডিও।

‘মায়ারশহর’-এর গল্পে উঠে এসেছে শহরের চেনা জীবনের আড়ালে থাকা মানুষের আবেগ, সম্পর্ক ও মায়ার নানা দিক। সময় ও পরিস্থিতির চাপে যেমন কিছু সম্পর্ক নতুন করে গড়ে ওঠে, তেমনি টানাপোড়েনে ভেঙেও যায় দীর্ঘদিনের প্রিয় বন্ধন। এমনই কিছু চেনা অনুভূতি ও সম্পর্কের গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি।

নির্মাতা ইয়াসিন রহমান সুমন বলেন, ‘মায়ার শহর আমাদের শহরেরই গল্প। এই শহরে আমরা সবাই কারও না কারও মায়ায় আটকে থাকি। প্রান্তর ও তিশা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি বিশ্বাস করি, দর্শক এই গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন।’

সিনেপ্লাস স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের রুচিশীল ও মানসম্মত গল্প উপহার দেওয়ার ধারাবাহিকতায় ‘মায়ার শহর’ তাদের অন্যতম বড় আয়োজন।

নাটকটিতে তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদারের পাশাপাশি অভিনয় করেছেন জুবায়ের জাহিন, তাসরিন জাহান স্বপ্না, সাজ্জাদ চৌধুরী, নয়ামুল করিম, ফয়সাল আহমেদ, মায়া, মামুন ইব্রাহিম, জয় ও মাহাবুব উদ্দিন। নাটকটির নির্বাহী প্রযোজক জয়ন্ত চন্দ্র।

আগামী ৮ অক্টোবর দুপুর ২টায় সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

ভালোবাসা, আবেগ ও সম্পর্কের চেনা গল্পের মধ্য দিয়ে নাটকটি দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।