জয়ন্ত চন্দের প্রথম নাটক ‘বেলা ফুরাবার আগে’

ব্যতিক্রমধর্মী গল্পে প্রথম একক নাটক নিয়ে আসছে তরুন নির্মাতা জয়ন্ত চন্দ্র। নাটকের নাম ‘বেলা ফুরাবার আগে’। এটি নির্মাতার প্রথম একক নাটক। নাটকটি রচনা করেছেন আর সি অরণ্য এবং প্রযোজনা করেছে সিনেপ্লাস স্টুডিও।

আজ (২৩ অক্টোবর) দুপুর ৩টায় সিনেপ্লাসের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাওন দাশ ও নিশা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর সি অরণ্য, নওশিন ইসলাম, ফারিজা এহসান ও শিকদার সিজারসহ আরও অনেকে।

‘বেলা ফুরাবার আগে’ নাটকের গল্পে উঠে এসেছে করপোরেট জগতের লোভ, স্বার্থের দ্বন্দ্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার এক ভিন্নধর্মী আখ্যান। একই সঙ্গে মধ্যবিত্ত পরিবারের নিরন্তর সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম ও স্বপ্ন পূরণের প্রত্যয়কে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলা মানুষের গল্পই নাটকটির অন্যতম আকর্ষণ।

ভালোবাসা, বাস্তবতা ও জীবনসংগ্রামের মেলবন্ধনে নির্মিত ‘বেলা ফুরাবার আগে’ দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।