ক্যান্সারে আক্রান্ত শাহানা, বেঁচে থাকতে প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা

মরণব্যাধির ক্যান্সারের (কোলন ক্যান্সার) সঙ্গে দীর্ঘদিন প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার শাহানা।

পরিবারের আর্থিক অবস্থা ভালো না হাওয়ায় কেমোথেরাপি ও রেডিওথেরাপির কষ্টকর পথ অতিক্রম করে শাহানা এখন জীবন বাঁচানোর চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন।

চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার করা গেলে শাহানা ফিরে পেতে পারে একটি স্বাভাবিক ও নতুন জীবন।
কিন্তু চিকিৎসার এই শেষ ধাপে এসে চরম অর্থাভাব তার বেঁচে থাকার পথ অনিশ্চিত হয়ে পড়েছে।

ইতোমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডা. আরিফুল ইসলামের অধীনে শাহানার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

এছাড়া আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ডা. পুলক ধারের তত্ত্বাবধানে ২৮টি রেডিওথেরাপি দেওয়া হয়েছে।

পরবর্তীতে ল্যাবএইড হাসপাতালে ডা. শাহাদাত হোসেন শেখের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। চিকিৎসা প্রক্রিয়ার এই ধাপে এসে এখন পর্যন্ত শাহানার পরিবার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে ফেলেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন। তবে এই অস্ত্রোপচারের জন্য আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা প্রয়োজন।

দীর্ঘদিনের ক্যান্সারের চিকিৎসা খরচ চালাতে শাহানার পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

শাহানাকে বাঁচিয়ে তুলতে তার পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে সাহায্য ও সহানুভূতির আকুল আবেদন জানিয়েছেন। দেশের মানুষের সামান্য আর্থিক সহযোগিতা ও একটু ভালোবাসাই পারে একটি সম্ভাবনাময় তাজা প্রাণ রক্ষা করতে।

সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল)
01323-049433 (শাহানা)

ব্যাংক হিসাব:
হিসাবের নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)
হিসাব নম্বর: 131311101112068 ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক লিমিটেড
শাখা: মিরপুর শাখা, ঢাকা
রাউটিং নম্বর: 250262980