বিএনপির কাউন্সিল, স্ব-পদেই থাকছেন তারেক রহমান

ছবি- বাংলা ট্রিবিউন

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর দলের জাতীয় কাউন্সিল করার কথা থাকলেও গত এক দশকেও তা হয়নি। প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও নানা সীমাবদ্ধতার কারণে এমনটি হয়েছে বলে দলটির নেতাদের দাবি।

তবে এ সময়ে দলের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে কিছু পদে পরিবর্তন আনা হয়েছে। কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন।

সাধারণত দলীয় কাউন্সিলে দলের চেয়ারম্যান ও মহাসচিব পদসহ স্থায়ী কমিটির সদস্য বাছাই করা হয়। সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ১৯ মার্চ। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরে দলের সপ্তম কাউন্সিল হবে। এরই মধ্যে রোডম্যাপ ঘোষণার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে স্থায়ী কমিটি।

এখন চলছে দল গোছানোর কাজ। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। কাউন্সিলের তারিখ চূড়ান্ত না হলেও মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদসহ শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে।

দলের একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করে জানান, এবার দলের চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তারপরও কোনও কারণে মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল স্বেচ্ছায় সরে গেলে তার জায়গায় অন্তত চার নেতা আলোচনায় রয়েছেন। আর স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিব পদেও আসতে পারে নতুন মুখ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রবিবার (৩১ মে) রাতে  জানান, জাতীয় ও আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতার কারণে গত ১০ বছর দলীয় কাউন্সিল হয়নি। তবে এ সময়ে আমাদের সাংগঠনিক কাজ থেমে থাকেনি। দীর্ঘ দিন পর কাউন্সিল হচ্ছে। তিনি বলেন, ‘‘আশা করি, এর মাধ্যমে নতুন করে দলে উদ্যম তৈরি হবে।’’ তবে নেতৃত্বে কারা আসছেন বা কাউন্সিলের সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত বলেননি।

এবারের কাউন্সিলে বিএনপির চেয়ারম্যান পদে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে দলের নীতি নির্ধারণী একটি সূত্র। এমনকি এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেও জানায় সূত্রটি। এর আগে ২০১৬ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলেও তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার বিপক্ষে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ায় গঠনতন্ত্রের ৭(গ) ধারা অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৮ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। একই বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে তিনি ভারমুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পান।

দলের অনেক নেতাই মনে করেন, এ মুহূর্তে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি। দলে এখনও পর্যন্ত তিনিই অবিসংবাদিত।

 

এমএআর/