সোনাতলায় সৌদির সঙ্গে মিল রেখে ২ গ্রামে ঈদ, দিলেন কোরবানি

ছবি-সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলার দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা জামে মসজিদ এবং মধুপুর ইউনিয়নের কালাইহাটা (দক্ষিণপাড়া) টিনসেট জামে মসজিদে পৃথকভাবে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গা জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন মোঃ আব্দুল আলীম। অন্যদিকে কালাইহাটা (দক্ষিণপাড়া) টিনসেট জামে মসজিদে ইমামতি করেন মোঃ শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গা জামে মসজিদে প্রায় ২০ থেকে ২২ জন নারী-পুরুষ ধর্মপ্রাণ মুসল্লি পর্দার আড়ালে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া কালাইহাটা (দক্ষিণপাড়া) জামে মসজিদে প্রায় ১৫ থেকে ১৬ জন নারী-পুরুষ মুসল্লি অংশ নেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে পশু কোরবানি দেন। নামাজ চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনাতলা থানা পুলিশের একটি দল মোতায়েন থাকতে দেখা যায়।

এমএআর/