সোনাতলায় স্কুল থেকে ফ্যান চুরি তথ্য দিলে মিলবে পুরস্কার

ছবি- সংগৃহীত

রাতের আঁধারে স্কুলে ঢুকে একে একে খুলে নিয়ে যাওয়া হলো ছয়টি সিলিং ফ্যান! বগুড়ার সোনাতলায় রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলে এ চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তথ্য দিয়ে সহযোগিতা করলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষের দাবি, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে প্রবেশ করে ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। সকালে কর্মচারীরা স্কুলে এসে ফ্যানগুলো দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক ঘটনাটি সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন।

স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, সকালে কর্মচারীরা এসে দেখেন টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এর আগেও স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে স্কুলের পক্ষ থেকে মাইকিং করা হবে। কেউ নির্ভরযোগ্য তথ্য দিয়ে চোর শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএআর/