গাইবান্ধায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন কামরুন নাহার

ফাইল ছবি

গাইবান্ধা জেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সাঘাটা উপজেলার বলিয়ারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার।

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীল উদ্যোগ, দীর্ঘ অভিজ্ঞতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, বিষয়ভিত্তিক জ্ঞান, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং প্রতিষ্ঠানের আইসিটি ও দাপ্তরিক কাজ সফলভাবে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

কামরুন নাহার একজন আইসিটি এক্সপার্ট হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পেজে প্রায় ৩ লাখ ২৪ হাজার অনুসারী রয়েছে। এছাড়া তিনি British Council পরিচালিত English Trainer (TMTE) হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি টানা তৃতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তবে এবার প্রথমবারের মতো উপজেলা ছাড়িয়ে গাইবান্ধা জেলার মধ্যেও শ্রেষ্ঠ শিক্ষিকার স্বীকৃতি অর্জন করেন।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, কামরুন নাহারের নেতৃত্বে বিদ্যালয়টিতে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। তার আন্তরিকতা ও আধুনিক শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টি উপজেলার অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিক্রিয়ায় কামরুন নাহার বলেন, “শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। এ অর্জন আমার বিদ্যালয়ের পরিচালনা কমিটি, প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল। বিদ্যালয়ের উন্নয়নে সবাই সবসময় আন্তরিকভাবে পাশে থেকেছেন। সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

এসএএস/