শ্রীলংকার বিপক্ষে জিতলেই সুপার ফোরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরবর্তী ম্যাচ ১৩ সেপ্টেম্বর, শ্রীলংকার বিপক্ষে। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে, শ্রীলংকাকে হারাতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

জাফর বলেন, বাংলাদেশ এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে, ফলে কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছে। এই কারণে শ্রীলংকার তুলনায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে। ম্যাচটি বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ হবে।

গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে উত্তেজনার মাত্রা বেড়েছে। বিশেষ করে ২০১৮ নিদাহাস ট্রফি ও ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ ঘটনাই লড়াইটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

এদিকে শ্রীলংকা এখনও এশিয়া কাপে মাঠে নামেনি। তারা সম্প্রতি জিম্বাবুয়েতে সিরিজ খেলে কিছুটা দেরিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। অপরদিকে, বাংলাদেশের খেলোয়াড়রা কন্ডিশনে মানিয়ে নেওয়ার সময় পেয়েছে এবং আত্মবিশ্বাসীও।

যদিও টি-টোয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ কিছুটা পিছিয়ে, তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে। জাফর মনে করেন, শ্রীলংকাকে হারাতে পারলে সেটা ‘আপসেট’ হিসেবে ধরা হলেও, সুপার ফোরে যাওয়ার জন্য এটি হবে টাইগারদের বড় ধাপ।

এসএএস/