সোনাতলা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিদ্যালয় চত্বরে দুই আয়োজন একসাথে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ইসমোত জাহান রুহানীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, মোমিনুল ইসলাম, হুমায়ুন কবীর, বিদায়ী শিক্ষার্থী পুজা রানী পাল ও কথা মোহন্ত।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের মনোযোগ সহকারে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন, যা শিক্ষার্থীদের মাঝে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে যাবে।