পরিত্যক্ত ডোবা থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর এলাকার মনকুটা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো মাহিনুর বেগম (৭) ও চাদনী আক্তার (৮)। মাহিনুর বেগম রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং মনকুটা গ্রামের আঙ্গুর মিয়ার মেয়ে। চাদনী আক্তার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের ছাসতু মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাহিনুর ও চাদনী বাড়ি থেকে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে স্বজনরা পুরো গ্রামে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। একপর্যায়ে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, দুই শিশুকে ‘জ্বীনে নিয়ে গেছে’।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে দুই পরিবারের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে দুই শিশুকে পাশাপাশি কবরস্থ করা হয়।

মাহিনুরের মা ইয়াছমিন বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। আমার মেয়ে সাঁতার জানত না। আমি তখন বাড়িতে ছিলাম না। রাতে তার লাশ ডোবায় পাই।

চাদনীর বাবা ছাসতু মিয়া বলেন, মেয়েকে বাড়িতে রেখে বাজারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, সে নেই। পরে রাতে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসেনি।

এসএএস/