সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জমজমাট আলোচনা, ভাইস চেয়ারম্যান পদে নীরবতা

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠছেন। বিশেষ করে বিএনপির একাধিক নেতা উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল হক টুলু, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিমু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুজ্জামান রহমান হান্নান।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্ভাব্য এসব প্রার্থীর প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা রয়েছে। ফলে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে এখনো কোনো সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ্যে আলোচনায় আসেনি। তবে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির নেত্রী নয়ন তারা-র নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং মাঠপর্যায়ে উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে অনেকেই তাকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন ঘনিয়ে এলে দলীয় মনোনয়ন, সমর্থন ও রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে নতুন নতুন আলোচনা সামনে আসবে বলেও মনে করছেন তারা।

 

এমএআর/