সোনাতলায় বই দেখে লেখায় ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রসায়ন পরীক্ষা চলাকালে সরকারি সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন মো. নূরুল হুদা, এমডি রবিন ইসলাম শাওন ও আব্দুল আলীম শেখ। তারা সবাই বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, রসায়ন পরীক্ষা চলাকালে ওই তিন পরীক্ষার্থী বইয়ের পৃষ্ঠা দেখে উত্তরপত্র লিখছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা বগুড়া এডিসি (শিক্ষা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাহান বিষয়টি শনাক্ত করেন।

পরে নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব জিএম আহসান হাবীব।

এমএআর/