অক্টোবরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৮০ কোটি ডলার

ফাইল ফটো

চলতি অক্টোবর মাসের প্রথম ৮ দিনে প্রবাসীরা বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছে ৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার ৯ হাজার ৮২১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন বলেন, অক্টোবরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮০ কোটি ৫০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭৯ কোটি ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স ১ কোটি ৫০ লাখ ডলার বা ১.৯০ শতাংশ বেড়েছে।

এছাড়া গতকাল ৮ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৩৯ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।

এর আগে, গত সেপ্টেম্বর দেশে এসেছে ২৬৮ কোটি ৫০ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এসএএস/