গাইবান্ধা-৫ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফারুক আলমকে শোকজ

ফারুক আলম সরকার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান। বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে কমিটির চেয়ারম্যান তানজির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফারুক আলম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন। এরপর তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া যোগদানের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে ফারুক আলম সরকারের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির (গাইবান্ধা-৫) চেয়ারম্যান তানজির হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। আজ তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এসএএস/