গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত ছাড়ালো ৭০ হাজার

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েল বলছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার কারণে তারা হামলা চালাচ্ছে।

একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকেও নতুন নতুন লাশ উদ্ধার করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০। এদের মধ্যে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর।

বিবিসি জানায়, শনিবার ইসরায়েলের একটি ড্রোন হামলায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। তাদের পরিবার বলছে, তারা দুই ভাই কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, তখনই হামলায় প্রাণ হারায়।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বিবিসিকে জানিয়েছে, তারা দুইজন সন্দেহভাজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যারা তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করেছিল।

এই ‘হলুদ রেখা’ হলো সেই সীমা, যার পেছনে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাত সপ্তাহেরও বেশি আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

মিডিয়া প্রতিবেদন বলছে, নিহত দুই ভাইয়ের বয়স ছিল প্রায় আট ও দশ বছর।

পরিবারের মতে, তারা গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্ব দিকে জ্বালানি কাঠ খুঁজছিল, তখনই হামলার শিকার হয়। শনিবার নাসের হাসপাতালে তাদের দাফন সম্পন্ন হয়।

যুদ্ধ চলাকালীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণত নির্ভরযোগ্য বলে মনে করে। তবে ইসরায়েল সবসময়ই গাজার প্রকাশিত এই তথ্যগুলোকে প্রশ্নবিদ্ধ করে আসছে।

বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের ইসরায়েল স্বাধীনভাবে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। ফলে কোনো পক্ষের তথ্য নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

সূত্র: বিবিসি

এসএএস/