একাদশে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি- বিসিবি

প্রথম ওয়ানডেতে ২৬ রানের হারের পর, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার ৫ উইকেট এবং তানজিদ ও শান্তর জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা। আজ চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অঘোষিত ফাইনাল।

সিরিজ নির্ধারণী এই ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টানা তৃতীয়বারের মতো টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। কন্ডিশন বিবেচনায় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। পরিসংখ্যান বলছে, এই স্টেডিয়ামে খেলা আগের চার ম্যাচের তিনটিতেই রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় চলতি সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

এদিকে প্রথম দুই ওয়ানডেতে একই দল নিয়ে খেলা নিউজিল‍্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে ফিরেছেন বেন লিস্টার। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনটি ওয়ানডে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, বেন লিস্টার, উইল ইয়াং।

এসএএস/