সোনাতলায় ক্যান্সার আক্রান্ত রাজমিস্ত্রী খাজার বাঁচার আকুতি

ছবি-বাংলা লেন্স

জীবনের সঙ্গে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের অসহায় রাজমিস্ত্রী খাজা মিয়া (৪৬)। ব্লাড ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এখন তিনি দিশেহারা। বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তিনি দেশের হৃদয়বান মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

খাজা মিয়া মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু ২০২৪ সালের শুরুতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার জীবনে নেমে আসে অন্ধকার। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি মাসে তাকে হাসপাতালে ভর্তি হয়ে কেমোথেরাপি নিতে হয় এবং নিয়মিত ব্যয়বহুল ওষুধ সেবন করতে হয়। কয়েক মাস চিকিৎসার পর সাময়িকভাবে কিছুটা সুস্থ হলেও আবারও তার শরীরে জটিলতা দেখা দেয়। বিশেষ করে রক্তশূন্যতা দেখা দিলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

চিকিৎসার পেছনে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। নিজের সামান্য সঞ্চয় শেষ হয়ে গেছে অনেক আগেই। আত্মীয়স্বজন ও কিছু সহৃদয় ব্যক্তির সহায়তায় এতদিন চিকিৎসা চালানো সম্ভব হলেও এখন সেই পথও প্রায় বন্ধ। সমাজসেবা অধিদপ্তর থেকে একবার কিছু আর্থিক সহায়তা পেলেও তা চিকিৎসার খরচের তুলনায় অপ্রতুল।

গত ১ এপ্রিল ২০২৬ তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সামান্য সুস্থতা ফিরে পেলে চিকিৎসকের পরামর্শে ১২ এপ্রিল বাড়ি ফেরেন। কিন্তু এখনো তার চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়নি বরং নিয়মিত চিকিৎসা না হলে তার জীবন হুমকির মুখে পড়বে।

খাজা মিয়ার পরিবারে রয়েছে স্ত্রী, এক কিশোরী মেয়ে (ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী) এবং এক ছোট ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। অসুস্থতার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে।

চোখে মুখে বাঁচার আকুতি নিয়ে খাজা মিয়া বলেন, “আমি বাঁচতে চাই। আমার ছোট ছোট সন্তানদের জন্য বাঁচতে চাই। কিন্তু চিকিৎসা চালানোর মতো আর কোনো সামর্থ্য নেই।”

তার পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন এই সংগ্রামী মানুষটি।

সহায়তা পাঠানোর ঠিকানা:
সঞ্চয়ী হিসাব নং: ১২২-৬১২৯
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনাতলা শাখা, বগুড়া।
বিকাশ: ০১৯২৩-৫৫০৫৯৪

এআর/