সোনাতলায় অন্ধ সেজে প্রতিবন্ধী ভাতা উত্তোলনের অভিযোগ

ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় মো: আল আমিনের (৩৫) বিরুদ্ধে অন্ধ সেজে দীর্ঘ ৫ বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। আল আমিন উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের পল্লী চিকিৎসক মো: ফকরুল ইসলামের(আঙ্গুর) ছেলে।

এলাকাবাসীর দাবি, তিনি প্রকৃতপক্ষে দৃষ্টি প্রতিবন্ধী না হয়েও অর্থের বিনিময়ে উপজেলা সমাজসেবা অফিস থেকে অন্ধ হিসেবে ভাতার কার্ড সংগ্রহ করে নিয়মিত ভাতা উত্তোলন করে আসছেন।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আল আমিন স্বাভাবিকভাবে চলাফেরা করার পাশাপাশি মোটরসাইকেল চালান এবং একটি মুদিদোকান পরিচালনা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘টাকা থাকলে এ দেশে সবই সম্ভব এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন নিজের অন্ধত্বের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারায় ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল আলীম বলেন, ‘সবেমাত্র আমি এই উপজেলায় যোগদান করেছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এসএএস/