সোনাতলায় শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিচ্ছেন খাদিজা

ছবি: বাংলা লেন্স

বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, যার জন্য বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শ্রুতিলেখকের সহায়তা নিশ্চিত করা হয়েছে।

উপজেলার সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন শিলু শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। শিলু তেকানী চুকাইনগর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী এবং পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের খোরশেদ মন্ডলের মেয়ে।

শারীরিক প্রতিবন্ধিতার কারণে হাতে লিখতে অক্ষম হওয়ায় শিলু হুইলচেয়ারে বসে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে এবং একই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী শ্রুতি লেখক হিসেবে তা লিখে দিচ্ছে। এ ব্যবস্থা তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

এ কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ৭৭২ জন, যার মধ্যে উপস্থিত ছিল ৭৬৭ জন। এর মধ্যে ছাত্র ৪৯৩ জন এবং ছাত্রী ২৭৯ জন।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানান চলতি বছরে উপজেলায় মোট ৭টি কেন্দ্রে ৩২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলো হলো সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এবং বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ।

এসএএস/